
বিশেষ প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তকী ফয়সাল তালুকদার সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মামুনুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা ও সাক্ষরতা। নিরক্ষরতা দূর করে সকলকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সরকার উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে সাক্ষর করার উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।#