
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন। ৫৩ বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকেরা কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তাঁরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে স্বাভাবিক ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবেন বলে জানিয়েছে বিজিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সদর থানা পুলিশ পরিদর্শক মোঃ শাহীন হোসেন, চরবাগডাঙ্গা বিওপি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জ, চরবাগডাঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হক, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫৩ বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#