
বিশেষ প্রতিনিধি: রাজশাহী বাঘার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডে, ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে ৬লাখ টাকা ক্ষতি হয়েছে । আগুন নিয়ন্ত্রন নিয়ে গরুকে বাঁচানোর চেষ্টাকালে শরিফুল ইসলামের স্ত্রী আঞ্জুমারা বেগম আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরিফুল ইসলাম মৃত রহমতুল্লাহর ছেলে।
তিনি জানান, অগ্নিকান্ডে বসতঘরের তিনটি কক্ষসহ আসবাবপত্র, নগদ টাকা, টিভি, স্বর্ণ অলংকার পুড়ে গেছে। দুটি ছাগল, দুটি গরু পুড়ে আহত হয়েছে । গরুকে বাঁচাতে গিয়ে স্ত্রী আহত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাকালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, বিদুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনা খাবার, কম্বল বিতরণ করা হয়েছে এবং আর্থিক সহায়তা করা হবে বলে জানান।#