
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-ই-শিফা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ সময়ের দাবি। এ ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিবসটির আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। তাই দুর্যোগ মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।#