# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার দুই স্কুলছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক। বুধবার (১৬জুলাই) সকাল ৮টায় সাপাহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির দ্বিবার্ষিক পরীক্ষা ছিল। মামাতপুর গ্রামের দুই শিক্ষার্থী নারায়ণ (১২) ও আনন্দ (১২) যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে রওনা হলেও টানা বৃষ্টির কারণে তারা রাস্তায় আটকে পড়ে। কোনো যানবাহন না পেয়ে দুই শিশু ভিজে ভিজে দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। এই সময় পোরশা থানার ওসি আবু বক্কর ছিদ্দিক ডিআইজিকে রিসিভ করতে সরকারি কাজে সাপাহারের দিকে যাচ্ছিলেন। পথে বৃষ্টিতে ভেজা দুই শিশুকে দেখে গাড়ি থামিয়ে ডাক দেন ওসি নিজেই। কথা বলে জানতে পারেন তারা পরীক্ষার্থী এবং সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। তাৎক্ষণিক সিদ্ধান্তে ওসি ছিদ্দিক তাদের গাড়িতে তুলে নেন এবং নিজে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেন। এই সহযোগিতায় খুশি দুই শিক্ষার্থী ভবিষ্যতে বড় হয়ে মানুষের উপকারে আসতে চায়।
ওসি আবু বক্কর ছিদ্দিক বলেন, “বাচ্চাদের নিরাশ করতে পারিনি। তাদের চোখে আতঙ্ক ছিল—যদি সময়মতো না পৌঁছায়! আমি মনে করি, এটি শুধুই দায়িত্ব নয়, মানবিক দায়বদ্ধতাও।” এই ঘটনায় স্থানীয়রা প্রশংসা করে বলেন, "এই রকম মানবিক পুলিশ অফিসারদের জন্যই জনগণের আস্থা ফিরে আসে।" সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ঘটনা ভাইরাল হয়ে প্রশংসায় ভাসছে পোরশা থানার ওসি ও পুলিশের মানবিক উদ্যোগ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর