
পাবনা জেলা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের একজন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম এবং অন্যজন স্থানীয় মেম্বার পদপ্রার্থী রিপন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে আব্দুস সালামের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পূর্বশত্রুতা ও হাটের ইজারা সংক্রান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনো সুনির্দিষ্টভাবে উদঘাটিত হয়নি। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অবিলম্বে খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ জনসাধারণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর