
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে দ্রুত সময়ের মধ্যে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাবিষয়ক কর্মশালা’ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। এই বিপুল পরিমাণ জনবল সংকটের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তবে বর্তমানে মাঠপর্যায়ে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন, যা স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভূমিকা রাখছে। উপজেলা পর্যায়ে উন্নত প্যাথলজি ল্যাব স্থাপন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করা গেলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
সারাদেশে ডেঙ্গু ও হাম প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর একসাথে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন:
"হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ—এর সংক্রমণ ক্ষমতা কোভিডের চেয়েও বেশি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকার কারণে বর্তমানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দিয়েছি এবং ক্যাচআপ ক্যাম্পেইন এখনও চলমান রয়েছে।"
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এবার তিন-চার মাস আগেই সঠিক তথ্যের ভিত্তিতে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর জুড়ে প্রকোপ বাড়তে পারে। সেই অনুযায়ী আগে থেকেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজনন রোধে প্রধানমন্ত্রী নিজেও উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরিতে দিকনির্দেশনা দিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক, উপাচার্য, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
মো. মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর