
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে হয়রানিমূলক মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল হামিদ বাবলু। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা থেকে দায়মুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুল হামিদ বাবলু বলেন, গত ১২ অক্টোবর গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে যান তিনি। এ সময় একই স্থানে ১১ দলীয় জোটের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে নিজেদের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
তিনি দাবি করেন, ওই ঘটনার সময় তিনি আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করায় বিভিন্ন ক্যামেরায় তাঁর ছবি ধারণ করা হয়। পরবর্তী সময়ে ১৩ অক্টোবর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি তাঁকেও আসামি করা হয়েছে।
মামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বাবলু বলেন, তিনি একজন কৃষকদল নেতা হিসেবে কৃষকের স্বার্থ ও জনসাধারণের পক্ষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণে তাঁকেও অন্যায়ভাবে আসামি করা হয়েছে।
এ ঘটনাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আব্দুল হামিদ বাবলু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার জোরালো দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর