
সার বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার তা উত্তোলন না করে সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাঁর ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, সার বিতরণে গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা রোধে সতর্কতা কৃষি সচিব বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তবে একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দ করা সার যথাসময়ে উত্তোলন ও কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে সার উত্তোলন না করে সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিক্রয়কেন্দ্র খোলা রাখা ও মূল্যতালিকা টাঙানোর নির্দেশ ডিলারদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রতি কেজি সার পরিবহনের খরচ দুই টাকা থেকে বাড়িয়ে তিন টাকা করেছেন উল্লেখ করে তিনি বলেন, কৃষকের ভোগান্তি কমাতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখতে হবে। মাইকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে সার বিতরণের নামে কৃষকদের ভোগান্তিতে ফেলা যাবে না। কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সার বিক্রয়কেন্দ্রে কী পরিমাণ সার মজুত রয়েছে, তা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যতালিকা টাঙিয়ে রাখতে হবে।
তদারকিতে ২৬ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৬৪ জেলায় মনিটরিং কৃষি সচিব আরও বলেন, কৃষকের কল্যাণ, কৃষির আধুনিকায়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের খাদ্যভাণ্ডারখ্যাত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬টি জেলায় সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় মনিটরিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সার নিয়ে কোনো সমস্যা দেখা দিলে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি ও এসআরবির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি |
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর