
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম ডুয়েলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে ধীরগতির অভিযোগ উঠেছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের প্রায় এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যতম গুরুতর অভিযোগ হলো বিদ্যালয়ের পুরোনো বই ও খাতা নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া। অভিযোগ রয়েছে, কোনো সরকারি নীতিমালা ও নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে এবং ক্রয়-বিক্রয় উপ-কমিটিকে না জানিয়ে গত ২৬ মার্চ, ২০২৬ (সরকারি ছুটির দিনে) এসব বই-খাতা বিক্রি করা হয়। এছাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনিয়ম তদন্তে উপজেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন: ১. সঞ্জয় কুমার পাল – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (কমিটি প্রধান)
২. শেখ মো. মাহতাবুর রহমান – উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সদস্য)
৩. কাজল সরকার – মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার (সদস্য)
কমিটি গঠনের এক মাস পার হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অভিভাবকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ দ্রুত তদন্ত করে সত্য উন্মোচন করা জরুরি। সময়ক্ষেপণ হলে তথ্য-প্রমাণ লোপাট বা বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা থাকে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার পাল জানান, "আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কাজ শেষ হলেই উপজেলা প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর