
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সংঘটিত এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, প্রস্তাবিত এডহক কমিটি নিয়ে আপত্তি জানিয়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের আক্তার হোসেনের ছেলে রাবিউল হাসান রানাকে সভাপতি মনোনীত করা হয়।
তবে এই কমিটির বিরোধিতা করে স্থানীয় কতিপয় বিএনপি নেতাকর্মী জোরপূর্বক বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে প্রাতিষ্ঠানিক বিভিন্ন নথিপত্র এলোমেলো করেন এবং আসবাবপত্র ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ঘটনা প্রসঙ্গে বলেন, "এডহক কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এখতিয়ারভুক্ত সিদ্ধান্ত। এতে বিদ্যালয় কর্তৃপক্ষের সরাসরি কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও কিছু লোক অহেতুক বিদ্যালয়ে প্রবেশ করে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করেছে।"
ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।
সামগ্রিক বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর