
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিষডাঙ্গা ঘাট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা ৬টি কারেন্ট জাল ও ১টি অবৈধ রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাপাহারের বিভিন্ন বিল ও খাড়িতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। বিশেষ করে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের বিভিন্ন খাড়ি, মহিষডাঙ্গা খাড়ি এবং পুনর্ভবা নদীতে এসব অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ রয়েছে।
দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর