
জি. এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে আদালত চত্বরের একটি ক্যান্টিনের টিনের চালে এ বিস্ফোরণ ঘটে। ৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার এমন ঘটনায় কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা একই ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেদিন সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর