জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতবিক্ষত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা গাজী শাহ আলম। শুক্রবার (১ মে ২০২৬) সকালে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরানপুর ও মেন্দীনগর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কৈখালী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ১৫টি পরিবারের বসতঘর, রান্নাঘর ও মাটির দেয়াল ভেঙে পড়ে। ঝড়ের তীব্রতায় অনেক ঘরের টিন ও অ্যাসবেস্টস উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র পরিবারগুলো, যাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে গাজী শাহ আলম তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক সহায়তার হাত বাড়ান।

তিনি বলেন,মানুষগুলো খুবই কষ্টে আছে। অনেকের মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও নেই। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, দুর্যোগের এমন কঠিন সময়ে গাজী শাহ আলমের উপস্থিতি ও সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে টেকসই পুনর্বাসনের জন্য সরকারি সহায়তাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন তারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর