জি.এম.আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে পাশে বিলের পানিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে কাত হয়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানায় জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নেবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর