প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ১১:৪০ এ.এম
সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৪ নং ঘোলা ইউনিয়নের ছনকা গ্রামের নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবার শ্রী পূর্ণ চরণ ঘোষের পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পরিদর্শনে যান গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা জিএসএ-এর যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন।
পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী প্রতিবেশী তাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এ ছাড়া পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। পরিবারের নারী সদস্যদের কুপ্রস্তাব দেওয়া, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও তুলে ধরেন তারা।
পরিদর্শনকালে মোঃ আলফাত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভয়ভীতি, হুমকি কিংবা নির্যাতনের মাধ্যমে কারও অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তারা সবসময় নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
“মানুষের পাশে, মানবতার পক্ষে”—এই প্রত্যয় নিয়ে নির্যাতিত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর