
জিয়াউল কবীর, রাজশাহী: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নকরণ, সাংবাদিকদের ওপর নিপীড়ন-হয়রানি বন্ধ এবং সারাদেশে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।
রাজশাহী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান কায়েস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুর রহমান রিটন। তিনি বলেন, "স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ বিঘ্নিত হলে সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো আঘাত কিংবা হয়রানি মূলক পদক্ষেপ স্বাধীন মতপ্রকাশের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করে।"
মানববন্ধনে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার বিচার ঝুলে থাকা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সাংবাদিক দম্পতি হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একই সঙ্গে বিগত সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার সকল সাংবাদিকের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মাইটিভির চেয়ারম্যান নাছির উদ্দীন সাথীর মুক্তির জোর দাবি জানানো হয়।
রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন তাঁর বক্তব্যে বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।" একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানি মূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন:
রফিকুল ইসলাম রবি: সদস্য সচিব, রাজশাহী মহানগর বিএনপি
মো. ফারহুক আহমেদ প্রফেশন: চেয়ারম্যান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ও সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ
রফিক আলী রাহুল: সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেস ক্লাব
আবদুল মুঘনী নিয়াজী: সভাপতি, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি
এ সময় রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর