
শ্যামনগরে জলবায়ু সচেতনতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
সুন্দরবন কোয়ালিশনের ‘লোকালিটি লিড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দি বাংলাদেশ কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)। এছাড়া Sharetrust-এর অর্থায়নে এবং আভাস (AVAS)-এর সহযোগিতা ও কারিগরি সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ মণ্ডল, শিক্ষক মো. নুরুন্নবী সিদ্দিক, নীলিমা রানী, তাপসী রানী মণ্ডল, মোহাম্মদ আলী হায়দারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। এ ছাড়া সামসের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার তাপস কুমার সরদার, প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মুন্ডা, বিশিষ্ট সামাজিক কর্মী মোমিনুর রহমান, মনিকা সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল হক বলেন, “আজকের এই কুইজ প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের উপকূলকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আরও সচেতন করে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্লাস্টিক বর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যার অন্যতম কারণ বাল্যবিবাহ। তাই বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আঠারোর নিচে বিয়ে নয়, আঠারোর নিচে বই-খাতা হাতে নিয়ে স্কুলে যেতে হবে।” নিয়মিত পড়াশোনার পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে, যার প্রতিটি উদ্যোগ হবে পরিবেশবান্ধব। তাহলেই একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
শ্যামনগরে জলবায়ু সচেতনতা কুইজ প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ঝুঁকি, পরিবেশগত সংকট, সুন্দরবনের অস্তিত্বের হুমকি এবং বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছিল— ১. ‘দুর্যোগ-পরবর্তী দৃশ্য’
২. ‘সুন্দরবনের চিত্র’ এবং
৩. ‘ভবিষ্যতে কেমন পৃথিবী দেখতে চাই’
শিক্ষার্থীরা বিষয়গুলোর মধ্য থেকে যেকোনো একটি নির্বাচন করে নিজেদের সৃজনশীলতা ও কল্পনার মাধ্যমে চিত্রের সাহায্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সামাজিক সমস্যা প্রতিরোধে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী নয়জন শিক্ষার্থীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বিজয়ী শিক্ষার্থীদের তালিকা:
প্রথম স্থান: রিফাত (ষষ্ঠ শ্রেণি)
দ্বিতীয় স্থান: আব্দুর রহমান (সপ্তম শ্রেণি)
তৃতীয় স্থান: রাইত ইসলাম
চতুর্থ স্থান: তানজিম
পঞ্চম স্থান: রিয়াশা রায়
ষষ্ঠ স্থান: সাদিয়া পারভীন
সপ্তম স্থান: নাহিদ হাসান (অষ্টম শ্রেণি)
অষ্টম স্থান: রায়হান হোসেন
নবম স্থান: লুবান হাসান
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর