
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৪৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৩ বিজিবি।
সোমবার (২৬ অক্টোবর) ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) সকালে ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযান: সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে নিয়ে আসা ১৪৩টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান: একই দিন সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহলদল বালুটুঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ১৪৩টি মোবাইল ফোন, মোটরসাইকেল, বাইসাইকেল, বিড়ির পাতা ও মসলার মোট আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত সকল চোরাচালানি মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর