প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ২:২৮ পি.এম
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী

# শিবগঞ্জ,(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী। বুধবার (২০ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও মেডিকেল ফার্মেসি ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের খাবারের মান, চিকিৎসকদের উপস্থিতি এবং চিকিৎসাসেবার বিষয়ে জানতে চান। রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন তিনি।
হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরিচ্ছন্ন কর্মীর সংকটের কারণে হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন ড. কেরামত আলী। তিনি বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে জনবল সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য আরও জানান, বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন। তার ওই বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলার প্রায় ৮লক্ষ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পরিধি ও সুযোগ-সুবিধা বাড়ানো সময়ের দাবি। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে এ অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর