
মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নামোজগন্নাথপুর গ্রামের সাহেবের ঘাটে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় বন্যাকবলিত প্রতিটি পরিবারের হাতে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, "বন্যা মোকাবিলায় ইতিমধ্যে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৪ মেট্রিক টন চাল এবং নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আরও ত্রাণসামগ্রী ও আর্থিক বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, বন্যার্তদের সহায়তায় উপজেলা পর্যায়ে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চালের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিবগঞ্জ
মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
গোলাম আজম আলি, চেয়ারম্যান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর