
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুরে ‘হিলাল ফার্নিচার মার্ট’ নামের একটি সিএনসি (CNC) ফার্নিচার কারখানা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কারখানার মালিক মোঃ রায়হান আলির দাবি, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (১ নভেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে বিনোদপুর গ্রামীণ ব্যাংকের পাশে অবস্থিত ডা. সানাউল্লাহ মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের একটি দল সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত আবেদন পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সরকারি সহযোগিতা বা ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর