
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও তাঁর ছেলে জাহিদ হাসানকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার সকালে তারা মাদ্রাসায় প্রবেশ করলে বিক্ষুব্ধ জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। উল্লেখ্য, সুপারের ছেলে জাহিদ হাসান একই প্রতিষ্ঠানে ল্যাব সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জানান, মাদ্রাসা, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে তারা ইতিমধ্যে কমিটি থেকে পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, সুপার আব্দুর রহিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টানা পাঁচ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও অবৈধভাবে বেতন উত্তোলন এবং মাদ্রাসার জমি বিক্রি করার মতো মারাত্মক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া পূর্বে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাদের বাদ দিয়ে সুপার একটি প্রহসনমূলক মীমাংসা করেছেন। এসব অনিয়মের প্রতিবাদেই বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মাদ্রাসার সুপার আব্দুর রহিম। তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে আমি ও আমার ছেলে মাদ্রাসায় গেলে 'বাবু' নামক এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় লোকজন আমাদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে ছেড়ে দেয়।”
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরবর্তীতে তাদের নিরাপদে স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর