
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই সহোদর। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লায়।
রাফসান রহমান স্বাক্ষরিত জিডি সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে রাফসান রহমানের ছোট বোন মোসা. আতিয়া রহমানকে কৌশলে বিয়ে করেন পৌর এলাকার কারবালা মোড়ের মোস্তফার ছেলে শাহাদাত হোসেন। তাঁদের এই বিয়ের সম্পর্কটি পরিবার মেনে না নেওয়ায় রাফসান রহমান ও তাঁর ভাই রাফাত রহমানকে বিভিন্ন সময় হুমকি দিতে শুরু করেন শাহাদাত।
এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে শাহাদাত হোসেন বাড়ির সামনে এসে দুই সহোদরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এর কিছুদিন পর শাহাদাতের স্ত্রী আতিয়া রহমান তাঁর মোবাইল ফোন থেকে রাফসানের স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেন। এমনকি শাহাদাত তাঁর ফেসবুক আইডি থেকে অস্ত্রসহ পরিবারের সদস্যদের নিয়ে একটি ছবি আপলোড করে লেখেন, "অর্থবছরের সেরা গিফট, আমার দুই মা-বাবা"।
এছাড়া এক সপ্তাহ আগে শাহাদাত হোসেন তাঁর ফেসবুক আইডিতে রাফসান রহমানকে উদ্দেশ্য করে লেখেন, "আপনি দোয়া করেন যেন আমি মারা যাই। আর আমি বেঁচে থাকলে আপনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েন।"
ভুক্তভোগীদের দাবি, একের পর এক এমন কর্মকাণ্ডে দুই সহোদরসহ পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করে শাহাদাত হোসেন বলেন, “যে ছবিতে অস্ত্রসদৃশ বস্তু দেখানো হয়েছে, সেটি একটি খেলনা পিস্তল হতে পারে। গত ১৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে আমার অসুস্থ স্ত্রীকে ওষুধ দিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা রাফসান রহমান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।”
এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, রাফসান রহমান নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর