
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন (৩২), আরজেনের ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০) এবং মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। আহত অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে গরু নিয়ে একটি ভটভটি ভোলাহাটের দিকে যাচ্ছিল। পথে মাঝাটোলা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা ৮ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক হায়দারী জানান, “মাঝাটোলা গ্রামে গরুবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠানো হয় এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। তবে স্বস্তির বিষয় হচ্ছে এ ঘটনায় কেউ মারা যাননি।”

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা গাড়িতে থাকা মানুষ ও গরুগুলো উদ্ধার করেন। খাদে পড়ে যাওয়া ভটভটিটি উদ্ধারে কাজ চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর