
শিবগঞ্জে কোটি টাকার মোবাইল সহ আটক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পথে আসা মোবাইল ফোন ও পাথরবোঝাই ভারতীয় ট্রাকসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। উদ্ধার করা মোবাইল ফোনের সংখ্যা ৩৬টি এবং ট্রাকে থাকা পাথরের পরিমাণ ৪০ টন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৫ নভেম্বর ২০২৬) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালিত হয়।
পাথরের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল মোবাইল অভিযানকালে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকের পাথরের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় স্মার্টফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মো. জসিম উদ্দিন শেখ (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের মো. জমিন উদ্দিন শেখের ছেলে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।#
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর