
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতক শিশুটিকে নিরাপদ আশ্রয় ও উন্নত পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে নবজাতকটিকে নিরাপদে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পাওয়ার সাথে সাথে প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে দ্রুত উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়। প্রশাসনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগে নবজাতকটি নিরাপদ আশ্রয় ও সঠিক পরিচর্যার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর