
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নবজাতকটিকে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং প্রয়োজনীয় পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে নবজাতকটি নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর