
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এনামুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল হক জানান, জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর মৌজায় ২ একর ৩৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমির প্রকৃত মালিক তারা। গত ২০১৪ সাল থেকে জমিটি বর্গা হিসেবে চাষাবাদ করে আসছিলেন বড়গাছী এলাকার সাখাওয়াত হোসেন।
তবে অভিযোগ উঠে, বিগত চার বছর ধরে সাখাওয়াত হোসেন জমির অর্জিত কোনো ফসল প্রকৃত মালিকদের না বুঝিয়ে দিয়ে উল্টো জাল দলিল তৈরি করে জমিটি অবৈধভাবে ভোগদখল করছেন।
এক নজরে জমি বিরোধের তথ্য:
জমির অবস্থান: আন্দিপুর মৌজা, জামবাড়িয়া ইউনিয়ন, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
জমির পরিমাণ: ৩৩ শতক (মোট ২ একর ৩৩ শতকের মধ্যে)
অভিযুক্ত: সাখাওয়াত হোসেন (বর্গা চাষি)
আইনগত পদক্ষেপ: চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রতারণার মামলা দায়ের
এনামুল হক আরও জানান, এই প্রতারণার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে তারা জমির প্রকৃত মালিকানা নির্ধারণের পাশাপাশি নিজেদের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি জানান।
এদিকে জমি দখলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত সাখাওয়াত হোসেন দাবি করেন, তিনি জমিটি কেনার জন্য ইতোমধ্যে অর্থ প্রদান করেছেন। কিন্তু অর্থ নেওয়া সত্ত্বেও জমিটির রেজিস্ট্রি বুঝিয়ে দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এনামুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন তাঁর ভাই মনিরুল ইসলাম, চাচা আবদুল জাব্বার ও নাতি সিফাত আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর