নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে মহান একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছেন। পাঁচ আগস্টের পর সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয় না বলেও তিনি দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর