
রাজশাহী প্রতিনিধি: পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এক বিশেষ বাণীতে তিনি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান।
বাণীতে রাসিক প্রশাসক বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রতীক।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিবছর এই শারদোৎসব মানুষের মাঝে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় নতুন প্রেরণা জোগায়।
"‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।"
— মোঃ মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাসিক
বাণীতে রাসিক প্রশাসক বলেন, “এবারের দুর্গোৎসবে রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন নতুন এক মাত্রা যোগ করেছে।”
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ। শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর, সংগঠন ও নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।##