# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে ১ মাস বয়সী শিশু কন্যাটি চুরি হওয়ার ১২ ঘন্টা পর একই উপজেলার লক্ষণবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি লালপুর উপজেলার নবীনগর গ্রামের বিজলী বেগম ও ভ্যানচালক লালু সরদার দম্পতির কন্যা সন্তান বলে জানা গেছে।
থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে,শনিবার(১৪ মার্চ-২০২৬)সকালে ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী জালাল উদ্দিনের বাড়িতে এসে আশ্রয় চায়। মানবিক কারণে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেন। সন্ধ্যার আগে সবার আড়ালে ওই কিশোরী ঘরে থাকা ১ মাস বয়সী নবজাতক কন্যা শিশুকে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানান। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ শিশু উদ্ধারে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে চোরচক্রটি উপজেলার লক্ষণবাড়ি এলাকায় শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটির কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান সংবাদ কর্মীদের মাঝে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি চুরি হওয়ার পরই থানায় মামলা দায়ের করা হয়। এবং শিশু উদ্ধারে এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। রাতভর শিশু উদ্ধারে পুলিশ কাজ করে। সকালে শিশুটি উদ্ধার করা হলেও অপরাধীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর