প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:৩১ পি.এম
লালপুরে প্রাক্তন স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা
![]()
# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলায় প্রকাশ্য রেললাইনের পাশে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। ঘুরতে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তারকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর-২৫) বিকেলে লালপুর উপজেলার শোভ দিদারপাড়া ইউএনও পার্ক সংলগ্ন রেললাইনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে রেললাইনের পাশে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই অভিযুক্ত রবিন হোসেনকে আটক করেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। নিহত তাম্মি আক্তার লালপুর উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। অপরদিকে আটক রবিন হোসেন উপজেলার চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। তাদের মধ্যে পূর্বে বৈবাহিক সম্পর্ক ছিল বলে জানা গেছে, যা পরে বিচ্ছেদে গড়ায়।

স্থানীয়দের ভাষ্য, বিচ্ছেদের পরও তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ইউএনও পার্ক ও রেললাইনসংলগ্ন এলাকায় ভিড় জমে যায় সাধারণ মানুষের।
লালপুর থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর