
নিজস্ব প্রতিবেদক | লালপুর (নাটোর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপি নেতা ও দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক কামাল হোসেন (মুক্তার)।
দলীয় সিদ্ধান্তকে চূড়ান্ত গণ্য করে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিএনপি থেকে মনোনয়ন পেলেই কেবল তিনি নির্বাচনে অংশ নেবেন; অন্যথায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন কামাল হোসেন মুক্তার। বিশেষ করে দলের কঠিন ও প্রতিকূল সময়েও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি একজন আস্থাভাজন কর্মী হিসেবে সুপরিচিত।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে কামাল হোসেন মুক্তার বলেন:
"আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের আদর্শের প্রতি আমার পূর্ণ আস্থা ও আনুগত্য রয়েছে। দল যদি আমাকে যোগ্য মনে করে মূল্যায়ন করে, তবেই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। দল মনোনয়ন না দিলে নির্বাচন অংশ নেব না। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।"
জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছেন এই বিএনপি নেতা। তিনি জানান, বিজয়ী হলে ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা, অবহেলিত এলাকার পরিকাঠামোগত উন্নয়ন এবং দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকাই হবে তার প্রধান অগ্রাধিকার।
দুড়দুড়িয়া ইউনিয়নের সাধারণ ভোটাররা চান এমন একজন প্রতিনিধি, যিনি সহজেই জনগণের দৌড়গোড়ায় পৌঁছাতে পারবেন এবং বাস্তবমুখী সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন। বিশেষ করে স্থানীয় পর্যায়গুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার দাবি রয়েছে ভোটারদের:
যোগাযোগ ব্যবস্থা: জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ।
মৌলিক সেবা: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ তৈরি।
অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা: কৃষি ও স্থানীয় কর্মসংস্থান বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা।
সব মিলিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন দৌড়ে কামাল হোসেন মুক্তার নাম এখন বেশ আলোচনায়। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও দলীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দুড়দুড়িয়ার আগামী রাজনীতি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর