
ধর্মীয় প্রতিষ্ঠানকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রেখে এর পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সঙ্গে সমাজে সৃষ্ট বিশৃঙ্খলা ও বিপথগামিতা থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে রাজশাহীর পবার আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, “এই আল্লাহর ঘরকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে রাখব। এখানে যেন কোনো ধরনের রাজনীতি ঢুকতে না পারে, আমরা কেউ তা হতে দেব না। আমি করতে চাইলেও আমাকে আপনারা করতে দেবেন না, আর অন্য কেউ করতে চাইলেও তাকে দেবেন না। সবাই মিলে এর পবিত্রতা রক্ষা করব।”
আশরাফুল মাখলুকাত হিসেবে ইসলামের ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরা সবার পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা। প্রতিটি কাজের মধ্যেই ইবাদত রয়েছে এবং আল্লাহর হুকুম-আহকাম সবাইকে মেনে চলতে হবে। এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টা ও মহান আল্লাহ তাআলার রহমতে মাদ্রাসার উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিভাবকদের উদ্দেশে এমপি মিলন বলেন, “আপনাদের প্রতি অনুরোধ করব, নিজের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন। এখন সমাজে খুব বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চাদের লোভ-লালসা দেখিয়ে গাড়িতে আগুন দিতে ও মানুষের বাড়ি পোড়াতে বলা হচ্ছে। এভাবে তাদের বিপথগামী করা হচ্ছে। সবাই এসব বিষয়ে একটু খেয়াল রাখবেন।”
আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য।
আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহিন রেজা শান্নান, মাদ্রাসার প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন, যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল ও বিএনপি নেতা সজিব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর