
রূপসা নতুন হাট বাজার অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে খুলনার রূপসা উপজেলায়।
নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা, খুলনা): স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (UTMIDP)-এর আওতায় রূপসা উপজেলার সামন্তসেনা বাজারের গ্রামীণ কাঁচাবাজার ও গ্রোথ সেন্টার উন্নয়নে এই অনিয়মের চিত্র সামনে এসেছে। এতে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ ও শঙ্কা তৈরি হয়েছে।
গ্রামীণ হাট-বাজারের অবকাঠামো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নে সরকার এই প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের শুরুতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বাজার পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন বিক্রেতা ও সাধারণ মানুষ। তবে কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট মহলের যোগসাজশে কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এলজিইডির ১১৯২৭৮৯ নম্বর টেন্ডার আইডির আওতায় ৮১ লাখ ৮২ হাজার টাকার বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএম সালাউদ্দিন’ ৭৩ লাখ ৬৮ হাজার টাকায় কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী নির্মাণকাজের নির্ধারিত মেয়াদ ২০২৬ সালের ৫ মার্চ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পের খাতভিত্তিক বরাদ্দের মধ্যে রয়েছে—মাল্টিপারপাস ভবন নির্মাণে ২২ লাখ ৭১ হাজার টাকা, ফিশ শেড নির্মাণে ১১ লাখ ১৫ হাজার টাকা, সিসি রাস্তা নির্মাণে ৯ লাখ ৫৭ হাজার টাকা, বাজারের প্ল্যাটফর্ম নির্মাণে ১৪ লাখ ৭৭ হাজার টাকা, সাইড ড্রেন নির্মাণে ৬০ হাজার টাকা এবং ছোট ভবন নির্মাণে ১৯ লাখ ৮৬ হাজার টাকা। অভিযোগ রয়েছে, এত বড় অঙ্কের বরাদ্দ থাকলেও বাস্তবে দায়সারাভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
রূপসা নতুন হাট বাজার অনিয়ম প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও রড ব্যবহার করা হচ্ছে এবং সিমেন্টের পরিমাণও প্রয়োজনের তুলনায় কম রাখা হচ্ছে। বিশেষ করে ড্রেন ও ঢালাইয়ের কাজে মানহীন রড ও সামগ্রী ব্যবহারের ফলে অবকাঠামো হস্তান্তরের আগেই কিংবা স্বল্প সময়ের মধ্যেই ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, এলজিইডির মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি ও তদারকির ঘাটতির কারণে অনিয়মগুলো আড়ালে থেকে যাচ্ছে। যথাযথভাবে সরেজমিনে তদারকি ও গুণগত মান যাচাই ছাড়াই অনেক ক্ষেত্রে বিল পাসের প্রক্রিয়া চলে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি ই-টেন্ডারিং ব্যবস্থার ভেতরে অনানুষ্ঠানিক সমঝোতা বা লাইসেন্স ভাড়ার মাধ্যমে কাজ পরিচালনার অভিযোগও উঠেছে, যা কাজের মানকে ক্ষতিগ্রস্ত করছে।
বাজারের শেড নির্মাণে অনুমোদিত নকশা ও মূল মাস্টারপ্ল্যান সঠিকভাবে অনুসরণ না করার অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। অনেক ক্ষেত্রে কাগজে-কলমে কাজ অগ্রসর দেখানো হলেও বাস্তবে ড্রেনের সংযোগ অসম্পূর্ণ থাকা এবং বর্জ্য ব্যবস্থাপনার স্থান অকার্যকর পড়ে থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির ফলে সরকারি অর্থের অপচয়ের শঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রূপসা উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হুদা বলেন, তিনি একাধিকবার সরেজমিনে কাজ পরিদর্শন করেছেন এবং যথাযথভাবে কাজ শেষ করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। গুণগত মান বজায় না থাকলে কোনো কাজ গ্রহণ করা হবে না এবং মান খারাপ হলে বিল দেওয়া হবে না বলেও ঠিকাদারকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, কাজের মান যাচাইয়ে ইটের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। চলমান কাজের প্লাস্টার উঠে যাওয়ার মতো বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
।#
নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা, খুলনা) প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর