
নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা, খুলনা): খুলনার রূপসায় সাপের কামড় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মুন্সী (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাজদিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা এবং উপজেলায় কর্মরত আকলিমা খাতুনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর (শনিবার) গভীর রাতে কাজদিয়া আঠেরোবেকী শাখা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে মুন্সী বিষধর সাপের আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে সাপের বিষের পাশাপাশি ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১০ অক্টোবর) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত মুন্সীর ঘরে ৪ বছর ৬ মাস এবং ২ বছর বয়সী দুটি শিশু কন্যা সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে দুই অবুঝ সন্তানকে নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়েছেন তার স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে মুন্সীর বাবা আলকাত মুন্সী মৃত্যুবরণ করেন। স্বামী হারানোর শোক কাটতে না কাটতেই একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা আকলিমা খাতুন। পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর