
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বিভাগে নবযোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি চাকরি কেবল একটি পেশা বা জীবিকার মাধ্যম নয়; এটি দেশ ও জনগণের সেবা করার এক অনন্য সুযোগ। পরম দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। প্রশাসনিক প্রতিটি স্তরে জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অর্জিত মেধা, যোগ্যতা, নতুন চিন্তা-ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি আশা করি, আপনারা অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে নিজেদের দেশ সেবায় আত্মনিয়োগ করবেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনসহ রাজশাহী বিভাগে সদ্য যোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর