
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Ms. Charlotte Beckmann Finnestad)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্য ও প্রযুক্তি, এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় একটি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র। বৈঠক শেষে দুই শহরের শীর্ষ প্রতিনিধিরা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এ সময় নরওয়ে থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়রের অ্যাডভাইজর ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, সিটি স্কুলের সিনিয়র অ্যাডভাইজর জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান এবং কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।

এছাড়া রাসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর