
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরস্থ সিটি হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের শুরুতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পুরো হাসপাতাল প্রাঙ্গণ ঘুরে দেখান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিটি হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড ও ক্যাবিন এবং অপারেশন থিয়েটারসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন,
"হাসপাতালটি আয়তনে বড় হলেও ভবনটি অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে ঠিকমতো স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়নি। রাসিক প্রশাসকের পরিকল্পনাগুলো বাস্তবসম্মত। রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।"
তিনি আরও জানান, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পলিটিক্যাল কারণে বিগত সরকারের আমলে হাসপাতালটির কোনো উন্নয়ন হয়নি।
তিনি আরও বলেন,
"সিটি হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করতে প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করব। রাজশাহী নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।"
হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম।
রাসিক কর্মকর্তা: প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন এবং সিটি হাসপাতালের ইনচার্জ ডা. তরিকুল ইসলাম বনি।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ: বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর