
রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে।
আটক তিন শিক্ষার্থী হলেন— মো. শাফিন ইব্রাহীম, মো. তাহমিদ সরকার ও মো. সাদাত চিহ্ন জামিল। তারা সবাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক হওয়ার পর ওই তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
আটক শিক্ষার্থীদের মধ্যে শাফিন ইব্রাহীম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী। তার পিতা গোলাম মোর্শেদ এবং মাতা মাহফুজা খানম। তার বাড়ি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায়।
অন্যদিকে, মো. তাহমিদ সরকারের পিতা প্রয়াত জিয়াউর রহমান এবং মাতা শ্যামলী বেগম। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা।
আটক অপর শিক্ষার্থী মো. সাদাত চিহ্ন জামিলের পিতা কাওছার জামিল এবং মাতা মমতাজ সুলতানা ফারুকী। তার বাড়ি রাজশাহী নগরীর অক্ট্রয় মোড় এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীদের মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগ শিক্ষার স্বাভাবিক পরিবেশ এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকবিরোধী নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।#
মোস্তাফিজুর রহমান লিটন , নিজস্ব প্রতিবেদক প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর