
মোস্তাফিজুর রহমান লিটন: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে পালিত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় বোর্ডের প্রশাসনিক ভবনে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফায়েত জেরিন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, অনুষ্ঠানের আহ্বায়ক ও উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহীম হোসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহনশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত, যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আযম। এতে রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং অগ্রগতি কামনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর