
রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন আরও ১১১ জন শিক্ষার্থী। একই সঙ্গে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ১০৪ জন। তবে পুনর্নিরীক্ষণে ফেল থেকে নতুন করে কেউ জিপিএ-৫ পাননি। গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বোর্ড সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৩১ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র যাচাই করা হয়। এতে মোট ২ হাজার ১০৫টি পরিবর্তন ধরা পড়ে।
ফল বিশ্লেষণে দেখা যায়, মোট ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ১১১ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন আগে থেকেই জিপিএ-৫ পেয়েছিলেন, তবে তাঁদের ফলেও পরিবর্তন এসেছে। অন্যদিকে, অন্য গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।
এ ছাড়া পুনর্নিরীক্ষণের ফলে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন। তবে পুনর্নিরীক্ষণের পরও ফেল করেছেন ১৪০ জন শিক্ষার্থী। পাশাপাশি অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ৪০০ জনের।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন এবং ফেল থেকে পাস করেছেন ১০৪ জন। তবে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি বলে তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৫ দশমিক ০৬ শতাংশ। মূল ফলাফলে এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।#
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর