
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় ছিল মেধাবী শিক্ষার্থী সাইমুন ইয়াদ আরাফাত (বিজ্ঞান বিভাগ, রোল-১০৬)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম ক্লাসে বসার আগেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে সম্ভাবনাময় এই তরুণ।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে সাইমুন ইয়াদ আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। সাইমুন চলতি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। আজ বৃহস্পতিবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সাইমুন কয়েকদিন ধরেই নতুন কলেজে যাওয়া এবং ওরিয়েন্টেশনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে ছিল। সাইমুনের খালা আক্ষেপ করে বলেন, "নতুন পরিবেশ, নতুন কলেজ—সবকিছু নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল। ওরিয়েন্টেশনে কী পরবে, কীভাবে যাবে—এসব নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।"
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জানাজা শেষে সাইমুনের মরদেহ তার গ্রামের বাড়ি নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাইমুনের এই অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
এইচএসসি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক প্রয়াণে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম সাইমুন ইয়াদ আরাফাতের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর