
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাজশাহীর রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উৎপাদন সক্ষমতা বহুগুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ জন্য কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহী সিল্কের সুনাম বিশ্বজুড়ে। অতীতে এটি ছিল রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু ধীরে ধীরে কারখানাটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এই ঐতিহ্য ফিরিয়ে আনতেই আমরা আবার উৎপাদন সক্ষমতা বাড়ানোর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি।”
কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, “সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, যাতে কারখানাটি দ্রুত আগের গৌরবে ফিরে আসে। কারখানাকে কিংবা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই, এর ক্ষতিকর পরিণতি শেষ পর্যন্ত সবাইকেই ভোগ করতে হয়।”
তিনি আরও বলেন, “আমি আপনাদেরই ভাই। সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কারখানাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারিভাবে যত সহযোগিতার প্রয়োজন, তার সবটাই করা হবে।”
বক্তব্য শেষে মন্ত্রী রেশম কারখানার নতুন পাওয়ার লুম চালুর শুভ উদ্বোধন করেন এবং কারখানা প্রাঙ্গণে তুঁতচারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ এবং পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নানসহ কারখানার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর