
সিটি প্রতিনিধি: করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অতিথিবৃন্দ একাডেমি প্রাঙ্গণে স্থাপিত সমবায় ভিত্তিক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। আসুন, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায়ের চেতনাকে কাজে লাগাই এবং দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি।”
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সফল ব্যক্তি ও শ্রেষ্ঠ সমবায় সমিতির হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর