
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে পুঠিয়া থানার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রাম এলাকায় মনোজিতের মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে পৃথকভাবে ৩০০ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর চারঘাট থানার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. জয় ইসলাম (২৪) এবং পুঠিয়া থানার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. তাওসিফ আশরাফী (২২)।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজার থেকে নামাজগ্রাম এলাকার মনোজিতের মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাদের ধরে ফেলা হয়। এ সময় জয় ইসলামের পকেট থেকে ৩০০ পিস এবং তাওসিফ আশরাফীর পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর