
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে। সকলের মঙ্গল কামনায় ও রোগ-ব্যাধি দূরীকরণে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর স্মরণে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে রাসিক প্রশাসকের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের এই ধারাবাহিকতাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী শান্তির শহর। আমরা সকলে মিলে এই নগরীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজশাহী মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজক কমিটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মুঈদুর রহমান মঈদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, রাজশাহী জজকোর্টের এপিপি অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন এবং ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মির্জা রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ইন্দ্রানী ব্যানার্জী এবং সহযোগিতায় ছিলেন শাওন রায় সানি। পূজা পরিচালনা করেন সঞ্জীবন কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।#
সিটি প্রতিবেদক প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর