নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ সদস্য মো. ফয়েজ ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পান। ঘটনার পর তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে,বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার সময় সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান। মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব এবং রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান।
উল্লেখ্য শুক্রবার রাতে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই তরুণরা আরও লোকজন নিয়ে এসে রেস্তোরাঁটিতে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর