
রাজশাহী অফিস:রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে খাবার পানি (জার পানি) উৎপাদনের দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে মহানগরীর বালিাপুকুর এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বালিাপুকুর এলাকায় অবস্থিত ‘ফিউচার মিনারেল ওয়াটার’ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে ১৯ লিটারের জার পানি (প্যাকেজড ড্রিংকিং ওয়াটার) উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করে আসছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল প্রয়োজনীয় শৃঙ্খলা ও আইনগত সহায়তা প্রদান করে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থ রক্ষায় ভেজাল খাদ্য ও মানহীন পানীয় প্রতিরোধে বিএসটিআই রাজশাহীর এ ধরনের নিবিড় তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর